বিমানের যাত্রীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আছাদুল্লাহ্ হাবিব ঢাকা কাস্টম হাউজের সিপাই।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে দক্ষিণ খান এলাকায় যাত্রীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয় তাকে। পরে এ ঘটনায় দক্ষিণ খান থানায় মামলা করেছেন দুবাইফেরত যাত্রী সজিব আহমেদ।
গতকাল দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এসআই কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দুবাই থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী সজিব আহমেদ (২৮)। তিনি ৫টি মোবাইল ফোন নিয়ে আসেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরের ডিউটিরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক প্রদানের জন্য বলেন। সজিব ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক প্রদান করেন। যার ট্যাক্স রসিদ নম্বর ০২২৪০৯৩। পরে ভুলবশত সজিব আহমেদ তার পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে যান।
বাসায় যাওয়ার পর তার মোবাইলে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করেন কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিব (৩০)। পাসপোর্টটি ফেরত নেওয়ার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে আর্মড পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে দক্ষিণ খান থানায় মামলা করেছেন সজিব আহমেদ।
কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিবের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল বলে জানা গেছে। সেসময় বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ে সে।
