বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা ছাত্রলীগের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এক বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে ওই বিএনপি নেতার বাড়িতে লুটতরাজ ও ভাঙচুরের অভিযোগও উঠেছে পেকুয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইন উদ্দিনের (২৪) বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় থানায় মামলা হলেও গতকাল বুধবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, মারধরের শিকার ব্যাংক কর্মকর্তার নাম এস এম ইখতিয়ার উদ্দিন। তিনি মগনামা ইউনিয়নের শরৎঘোনা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাকের হোছাইনের ভাই। ইখতিয়ার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত। এ ঘটনায় তার স্ত্রী মোসা. রহিমা খানম গতকাল সকালে  ছাত্রলীগ নেতা মাইনকে প্রধান আসামি করে মামলাটি করেছেন।

এজাহারে ব্যাংক কর্মকর্তার স্ত্রী দাবি করেন, তার স্বামী গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় পেকুয়া চৌমুহনী থেকে বাড়ি ফেরার পথে পেকুয়া বাজারে মিয়ার বাড়ি জামে মসজিদের সামনের রাস্তায় পৌঁছামাত্র ওত পেতে থাকা পেকুয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই এলাকার এছারুল হকের ছেলে মাইন উদ্দিনের নেতৃত্বে মো. আক্কাস, এছারুল হক, নেজাম উদ্দিন, মোজাম্মেল হক, নেছারুল হক, আবু বক্করসহ আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন হামলা চালায়। এ সময় তার স্বামীকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়। তার কাছ থেকে দুই লাখ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে পথচারীরা এগিয়ে তার স্বামীকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে বিএনপি নেতা এস এম জাকের হোছাইন অভিযোগ করেছেন, তার ভাইকে হাতুড়িপেটার ১ ঘণ্টা পর মাইন উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক তার বাড়িতে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়।

পেকুয়া থানার এসআই ইব্রাহিম পাশা বলেন, খবর পেয়ে ব্যাংক কর্মকার্তার ভাইয়ের বাড়িতে সরেজমিন যাই। পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযোগের মাইন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে আমার চাচা মোজাম্মেল হককে মারধর করা হয়। তার তিনটি দাঁত উপড়ে ফেলা হয়েছে। সেই বিষয় নিয়ে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে তার বাড়িঘরে কোনো ধরনের লুটপাট করা হয়নি। অবশ্য আমার এক ফুপাতো ভাই তাদের বসতঘরে জানালা ভাঙচুর করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত