জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মারামারির মামলায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। মধ্যরাতে থানা হাজতে ওই আসামি অসুস্থ হয়ে পড়লে হাসাপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আনোয়ার হোসেন উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ি এলাকার দুলু কামারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চাপারকোনা হাটবাড়ি এলাকার দুলু কামারের ছেলে আনোয়ার হোসেন মারামারি মামলার সরিষাবাড়ি থানার এজাহারভুক্ত আসামি ছিলেন। গতকাল মঙ্গলবার বিকালে আসামি আনোয়ার হোসেনকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখা হয়। মধ্যরাতে হঠাৎ তিনি থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তৎক্ষণিক তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেনের মামা আলহাজ ফকির জানান, ‘পুলিশ সুস্থ অবস্থায় আনোয়ারকে ধরে নিয়ে গেল। আর এমন কী হলো যে, রাতেই সে মারা গেল।’
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।’
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, হাজতি আনোয়ার হোসেন মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
