বাভুমার চোটে বিদায়ী ম্যাচে অধিনায়ক এলগার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ এএম

কোচের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় আর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জেরে ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন ডিন এলগার। তবে ভাগ্যের ফেরে বিদায়ী টেস্টেও অধিনায়ক সেই এলগার। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। 

আগামী ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বৃহস্পতিবার সেঞ্চুরিয়ান টেস্টের পরে বাভুমার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

বাভুমা চোটে পড়েছেন মঙ্গলবার টেস্টের প্রথম দিনই। ২০তম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছেড়ে যান বাভুমা। এরপর স্ক্যান করিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে আর ব্যাটও করতে নামেননি বাভুমা। ৪০৮ রানে নবম উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা ইনিংস সমাপ্ত জানিয়ে মাঠ ছাড়ে।

তবে বাভুমাকে ছাড়াই ম্যাচটিতে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর সেই জয়ের নায়ক এলগারই। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাট হাতে খেলেন ১৮৫ রানের ইনিংস। এ ছাড়া বাভুমার অবর্তমানে অধিনায়কের দায়িত্বও পালন করেন। ম্যাচে প্রোটিয়ারা ভারতকে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হারায়। ম্যাচসেরা হন এলগার।

এখন বাভুমার চোটে কেপটাউনে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে আনুষ্ঠানিকভাবেই অধিনায়কত্ব করার সুযোগ এলগারের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত