নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে দুজনকে আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এ ঘটনায় অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে।

এসময় বিএনপি নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বাজারের বিএনপিপন্থী ব্যবসায়ীদের দোকানের টাকা লুট, কর্মচারীদের মারধর ও দুটি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠে। পরে মারধর করে দুই নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল জলিলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লক্ষ্মীপুর বাজারে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। পরে নেতাকর্মীদের ফেরার পথে নলুয়া চাঁদপুর বাজার আবারও একটি গ্রুপ ককটেল ফাটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে তারা লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম মিয়াজী, রুবেল হোসেন, আবদুল মুনাফ, মনির হোসেন, জুনায়েদ হোসেন ও রাকিব হোসেনকে মারধর করে। তারা সবাই বিএনপিপন্থী ব্যবসায়ী বলে দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের। এরমধ্যে আবদুল মুনাফের দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে যায় ও তার কর্মীকে মারধর করে। নুরুল ইসলাম মিয়াজী ও রুবেল হোসেনের দোকান বন্ধ করে তালা দেওয়া হয়।

হামলায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবদুল জলিল, লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আকরাম, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে বাচ্চু, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন আহত হয়েছেন বলা জানা গেছে। তাদের মধ্যে ইকবাল হোসেন ও হেলাল উদ্দিনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন আওয়ামী লীগের কর্মীরা।

বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল জলিল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আকস্মিক হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হন। আমাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় ও পরে এগুলো থানায় নিয়ে যাওয়া হয়। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়। টাকা লুট করা হয়। দুটি দোকানে তালা দেওয়া হয়।

তবে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, দুজনকে আটক করা হয়েছে। ভাঙচুর, লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুরের কোনো ঘটনা তার জানা নেই।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, লিফলেট বিতরণের সময় দুজনকে আটক করা হয়েছে। সেখানে হামলা, ভাঙচুর ও দোকানে তালা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত