কিংবদন্তিদের নাকি মৃত্যু হয় না। আসলেও তাই। প্রিয় ফুটবল মাঠ, কিংবা এই নশ্বরলোক ছাপিয়ে পেলে যে জায়গা করে নিয়েছেন তার ভক্তকূলের হৃদয়ে। সেখানেই অনন্ত বাস ব্রাজিলিয়ান মহামানব, পেলের। প্রথম প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ফুটবলের অনন্ত নক্ষত্রকে।
গত বছর ৮২ বছর বয়সে নক্ষত্রলোকে পাড়ি জমানো এ কিংবদন্তি স্মরিত হয়েছেন তার জন্মস্থান, ট্রেস কোরাকোয়েসে। এই দিনটা ঘিরে আয়োজন হয়েছে বাউরু-তে, যেখান থেকে শুরু ফুটবল ও পেলের সুরেলা যাত্রার। পেলের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ সান্তোসও স্মরণ করেছে নিজেদের প্রিয় অংশীজনকে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এ আয়োজন করেছে প্যারিসে। এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমস ক্লাবসহ সর্বত্র।
সান্তোস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুকুট মাথায় পেলের সান্তোসের সময়ের ছবিসহ দেওয়া মহার্ঘে্য লিখেছে, ‘২৯ ডিসেম্বর, ২০২২। যে তারিখটা কেউ মনে করতে চাইবে না, কিন্তু দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। এদিন একজন মানুষের জন্য পুরো পৃথিবী কেঁদেছে। আর অমরত্ব পেয়েছে তার আসল রূপ, প্রতিভা, শ্রেষ্ঠত্ব এবং পরিপূর্ণতার প্রতীক। সান্তোস এফসির সাথে ১ হাজার ১১৬টি ম্যাচ, ১ হাজার ৯১টি গোল ও ৪৫টি শিরোপা দ্বারা আবৃত ইতিহাস। একটি সাধারণ ডাকনামসহ, তার পিছনে একটি সংখ্যা ১০ এবং এভাবেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। চিরকালের রাজা।’
ফেব্রুয়ারিতে প্যারিসে ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অধিকাংশ অংশেই শ্রদ্ধাঞ্জলি জানানো হবে পেলেকে, এডসন আরান্তেস দো নাসিমেন্তোকে।
