জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সেই লক্ষ্যে বাহিনীর ১ হাজার ১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
গতকাল রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘তেজগাঁওয়ে ট্রেনে আগুনসহ নানা নাশকতার ঘটনা ঘটেছে। বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে আবার ছোটখাটো হুমকিও আসে; তাই আমরা নিরাপত্তায় কাজ করছি। আশা করি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন।’
ঢাকা সেক্টরের বিষয়ে তিনি বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এর মধ্যে শুধু ঢাকার মধ্যে ১৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্লাটুন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে রাজধানীসহ সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র্যাব ফোর্সেস গতকাল শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সারা দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড নিয়োগ করা হবে।
এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। গতকাল বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে।
