নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, বর্তমান বৈধ প্রার্থীরা থাকবেন। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এ আসনে কবে ভোট হবে তার তফসিল নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত দেবে।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
নিহত আমিনুল হক নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং পতœীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি নজিপুর পৌরসভার সাবেক মেয়র।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশনও পূর্বের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর আমিনুল হক হাইকোর্টে রিট আবেদন করেন। গত বুধবার হাইকোর্ট আমিনুল হকের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। এর পরদিন (বৃহস্পতিবার) নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
