ফটিকছড়িতে একতারাকে আ.লীগের সমর্থনের খবর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ এএম

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। তারা বলছেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে নৌকার প্রার্থীকে প্রচারণা থেকে সরে যেতে বলা হয়েছে। অবশ্য দলটির কেন্দ্রীয় নেতাদের কেউ বা ওই আসনে নৌকার প্রার্থীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার সনি ও একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন মাইজভা-ারী। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে ও সভাপতি মহোদয়কে ফোন দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নৌকার প্রার্থীকে প্রচারণা থেকে সরে যেতে হবে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী শুক্রবার বিকেলে বলেন, আমাকে দলের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা কোন ফর্মুলায় নির্বাচন থেকে বের হয়ে আসব সেটা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলছি। সুপ্রিম পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া জানান, ফটিকছড়িতে একতারাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত