পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য দেওয়াসহ ভোটারদের ভোট দিতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। উপজেলার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. হাবিবুর রহমান সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ করেন । অভিযুক্ত শিক্ষকরা হলেন পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল শিকদার, পূর্ব টিয়াখালী মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন, উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু শরীফ এবং উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল শরীফ। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ৪ সরকারি প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করেছেন। কলাপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরকারি শিক্ষকদের চাকরিবিধি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’
