দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও একতরফা ভোটের আয়োজন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেন, বিরোধী দলহীন একতরফা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক ‘আমি আর ডামির’ নির্বাচনের আয়োজন করা হয়েছে। পাতানো নির্বাচন বন্ধ করে সরকারকে পদত্যাগ না করলে দেশ এক ভয়ানক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটে নিপতিত হবে। গতকাল শনিবার ভোট ডাকাতির কালো দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব কথা বলেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে ‘জনগণের ভোটাধিকার হরণের’ প্রতিবাদে ৩০ ডিসেম্বর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে বাম জোট। এদিন সারা দেশে উপজেলা পর্যায়ে জোটের শরিক দলগুলোর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল করে।
নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২০১৮ সালে নিশি ভোটে এবং আগামী ৭ জানুয়ারি একতরফা ‘ডামি’ নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে তৎপর রয়েছে। দেশের জনগণ অতীত অভিজ্ঞতা থেকে বুঝেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না।
