স্বামী দাঁড়িয়েছেন লাঙ্গলে, স্ত্রী ভোট চাইছেন নৌকায়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:১২ এএম

স্বামী লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছেন অথচ স্ত্রী ভোট চাইছেন নৌকা মার্কায়। এমনই ঘটনা ঘটেছে শরীয়তপুর-১ আসনে। সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন মাসুদুর রহমান মাসুদ। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। কিন্তু তার স্ত্রী সুফিয়া রহমান নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। এ ঘটনা স্বাভাবিকভাবেই নির্বাচনী মাঠে আলোরন তুলেছে।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়াও এখানে আরও তিনজন প্রার্থী আছেন।

জানা গেছে, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ জেলা পার্টির সভাপতির পদে রয়েছেন। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেন। কিন্তু সেটি গ্রহণ করেনি কেন্দ্রীয় কমিটি। ফলে তিনি সেই পদেই থেকে যান।  

২০১৮ সালেই তার স্ত্রী সুফিয়া রহমান মহিলা আওয়ামী লীগে যোগ দেন। এরপর তাকে শরীয়তপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদ দেওয়া হয়। এবার মাসুদুর রহমানকে আবার মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। কিন্তু সুফিয়া আর জাতীয় পার্টিতে ফেরেননি। তিনি আওয়ামী লীগের রয়ে গেছেন।

সুফিয়া রহমান সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে নৌকা প্রতীকের প্রচারে অংশ নিচ্ছেন, ভোট চাচ্ছেন এবং আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরছেন।

শনিবারও তিনি সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর ইকবাল হোসেন অপুর স্ত্রী নিলুফা ইয়াসমিনের সঙ্গে প্রচার চালান।

সুফিয়া রহমান সাংবাদিকদের বলেন, “আমার স্বামী জাতীয় পার্টি করেন। পাঁচ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তিনি লাঙ্গল প্রতিকের প্রার্থী। তার মতো তিনি রাজনীতি করছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ভোট চাইছেন। আবার আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে প্রচার চালাচ্ছি।

 শরীয়তপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৪২৮ এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯১০ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। আসনটিতে দুটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত