কুষ্টিয়ায় টাকা দিয়ে ভোট চেয়ে শোকজের মুখে প্রার্থী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এসব ঘটনায় কোনো কোনো প্রার্থীকে করা হচ্ছে শোকজ। আবার কাউকে করা হচ্ছে জরিমানা। তারপরও থেমে নেই আচরণবিধি লঙ্ঘন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে প্রচারণার সময় লিফলেটের সঙ্গে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ ছাড়া আরও চারটি সংসদীয় আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কোথাও প্রার্থী আবার কোথাও তাদের কর্মীদের জরিমানা ও শোকজ করা হয়েছে।

কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। ২৭ ডিসেম্বর তিনি প্রচারণার সময় টাকা বিতরণ করছেন এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে । এ নিয়ে চলছে সমালোচনা। রেজাউল দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, দৌলতপুর উপজেলা বাজারে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ভোটারদের মধ্যে লিফলেট ও টাকা বিতরণ করছেন। নিজের পকেট থেকে টাকা বের করে, লিফলেটের সঙ্গে টাকা দিচ্ছেন। ট্রাক মার্কায় ভোট দিতে বলেন। এ সময় তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজাউল হক চৌধুরীকে শোকজ করা হয়েছে। ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস গতকাল শনিবার বিকেলে পাঠানো হয়েছে। নোটিসে উল্লিখিত সময় অনুযায়ী আগামী ১ জানুয়ারি বেলা ১১টায় অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করতে হবে।

গাজীপুর-১ (কালিয়াকৈর-সিটির একাংশ) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের এক কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ওই জরিমানা করা হয়। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য গুহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে আচরণবিধি লঙ্ঘন করে খাবারের আয়োজন, অনুমতি না নেওয়া এবং যথাসময়ের আগে মোটরসাইকেল নিয়ে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা করায় ১০ হাজার টাকা জরিমানা ও কয়েকশ লোকের জন্য রান্না করা খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে। গতকাল দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎচন্দ্র চন্দকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল তাকে শোকজ করেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ রতœা সাহা। ইউজিসির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ নৌকার প্রার্থী নারায়ণচন্দ্র চন্দের ছেলে।

নাটোর-৩ (সিংড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের কর্মীদের হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলকের ১১ কর্মীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত শুক্রবার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পাবনার সহকারী জজ মোস্তফা কামাল এ শোকজ নোটিস ইস্যু করেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন ওই আসনের ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গতকাল শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার কাছে লিখিত অভিযোগপত্র দেন তারা।

সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত