দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন। গতকাল শনিবার দুপুরে গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে আয়োজিত পথসভায় নৌকায় ভোট চান বিএনপির এই নেতা।
আকরাম হোসেন গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার দাবি, আঞ্চলিকতার প্রয়োজনে তিনি নৌকায় ভোট চেয়েছেন। তবে নৌকা প্রতীকে তার ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পরে গতকাল রাতেই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আকরাম হোসেনকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এ ছাড়া একই চিঠিতে জেলার কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তিনিও নিজ এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ভোট চেয়ে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বলে জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
গতকাল দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুর জেলার আরও ১৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বিকেলে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শ্রীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গতকাল দুপুরে গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির প্রচারণা পথসভার আয়োজন করা হয়েছিল। যাতে রুমানা আলী টুসি উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যের এক ফাঁকে বিএনপি নেতা আকরাম হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিগত সব নিবার্চনে আমরা দেখেছি আমাদের মাঝে আঞ্চলিকতার টান অনেক বেশি। আমরা দলমত-নির্বিশেষে আঞ্চলিকতার টানে ভোট দিই। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে আমাদের সবার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসিকে দলমত-নির্বিশেষে আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’
এ ব্যাপারে জানতে চাইলে আকরাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমার বাড়ির সামনে পথসভা ছিল, তাই সেখানে গিয়েছি। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা বলেছি।’ নৌকার পক্ষে ভোট চেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে নিউজ করার দরকার নাই।’
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান বলেন, ‘শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন ও কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামান তাদের নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ভোট চেয়ে পথসভায় বক্তব্য দিয়েছেন। যার তথ্য প্রমাণ থাকায় কেন্দ্রীয় বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছে।’
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল পাঁচ জেলার আরও ১৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জানা গেছে, সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে এই নেতাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ারা হলেন- শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিয়া), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া এবং দিনাজপুরের হাকিমপুরের আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য মো. গোলাপ হোসেন। তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
