মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগম এমপির তিন সৎবোন সমর্থন দিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে। তারা হলেন রেহেনা খাতুন, জাহানারা ও জয়মণ্টপ ইউপির সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। তারা সবাই মমতাজের প্রয়াত পিতা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান বলে জানা গেছে।
গত শনিবার রাত ১০টায় মমতাজ বেগমের নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পূর্বভাকুম ভেঙ্গা মার্কেটে নির্বাচনী উঠান বৈঠকে ফুলের মালা দিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন। এ সময় হাজারও মানুষ করতালি দিয়ে তিন বোনের সঙ্গে একাত্মা ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় জয়মণ্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন তার বক্তব্যে সংসদ সদস্য মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের কাছে তার মতো আরও ৯ ইউনিয়নের চেয়ারম্যানদের অপমান হওয়ার ঘটনা তুলে ধরেন। এ নিয়ে এমপির কাছে চেয়ারম্যানরা কোনো বিচার পাননি। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন উন্নয়নকাজে এমপির সহযোগিতা না পাওয়ার বিষয়টিও গ্রামবাসীর কাছে তুলে ধরেন ওই চেয়ারম্যান। ইউপি সদস্য মো. মুজিবুর রহমানও এমপির অবহেলার কথা উল্লেখ করেন রাত্রকালীন নির্বাচনী এ সভায়। চেয়ারম্যানের অসম্মানের জবাব দিতে তারা হাত উঁচু করে ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দিয়ে ৭ জানুয়ারি ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ব ভাকুম গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন। এর আগে জয়মণ্টপ ইউনিয়নের বাহাদিয়া, রাজঘাটা, রামনগর ও রায়দক্ষিণ গ্রামে নির্বাচনী উঠান বৈঠক করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
