সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

‘আ. লীগের সমর্থিত পোস্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি নই’

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:০০ পিএম

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়িয়েছেন হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং আজমিরিগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার (১ জানুয়ারি) দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে। আছে ক্ষমতাসীনদের পেশিশক্তির প্রভাব। দেশের বিভিন্ন স্থানে যেভাবে সংঘর্ষ সংঘাত চলছে তাতে নিজের ও সমর্থকদের জানমাল রক্ষা করা কঠিন। 

জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জে প্রচারণা থেকে বিরত রয়েছি। ইতিমধ্যে সমর্থকদের জানিয়ে দিয়েছেন লাঙল ছাড়া তাদের পছন্দের যেকোন প্রার্থীকে যেন ভোট দেন। 

হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি শংকর পাল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও তার গড়া জাতীয় পার্টিকে ভালোবাসি বলে এখনও দল করি। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সমর্থিত পোস্টার ছাপিয়ে ভোট চাওয়ার লোক আমি নই। তাহলে দলের অবস্থান কোথায় থাকল? আওয়ামী লীগের সমর্থন নিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যাবে না।

তিনি দলের শীর্ষ নেতাদের সমালোচনা করে বলেন, গত নির্বাচনে আমার এজেন্টকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। কোনো কারণ ছাড়াই দোকান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর জবাব আজও পাইনি। এবারের নির্বাচনেও যে তা হবে না এর নিশ্চিয়তা কোথায়? 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত