বিআরটিসির দ্বিতীয় প্রান্তিকের অংশীজন সভা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম

বিআরটিসি’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মিরপুরের বিআরটিসি’র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বিআরটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীরাসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিআরটিসি’র পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা (যুগ্মসচিব) বলেন, ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার বাস্তবায়নের লক্ষে আমাদের মাঝে উপস্থিতসহ সর্বসাধারণ সকলেই আমাদের অংশীজন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিসি যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এ সম্পর্কে সকলেই জানেন।

উন্মুক্ত আলোচনা পর্বে মোহাম্মদ আতিকুর রহমান লিটন বলেন, ‘দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের বিশ্রামের জন্য এখানে একটি কাউন্টার নির্মাণ করা প্রয়োজন।’ বিআরটিসির চেয়ারম্যান পর্যায়ক্রমে ভাড়াটিয়া তুলে দিয়ে বিশ্রামের জন্য যাত্রী কাউন্টার নির্মাণ করা হবে বলে জানান।

সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘বিআরটিসির একটি গাড়িও দৃষ্টিকটু থাকার সুযোগ নেই। ত্রুটিযুক্ত গাড়িগুলো দ্রুত মেরামত করে সৌন্দর্য বর্ধন করতে হবে। ভারী মেরামতকৃত গাড়িগুলো মেরামতের জন্য ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দক্ষ কারিগর তৈরি করার লক্ষে গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্র এবং তেজগাঁও মেরামত কারখানায় আবাসিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে বিআরটিসি’কে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর যে প্রয়াস তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানটির সঞ্চালক মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) ফাতেমা বেগম বিআরটিসির উন্নয়নের স্থিরচিত্র উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত