স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস লক্ষ্য করে গুলি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:২৭ এএম

গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও এক কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকার প্রার্থীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী শফিকুল ইসলাম দুলু। গুলির ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় মীম ইলেকট্রনিকস শোরুমে এ ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে টুসির কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের এএসপি আজমীর হোসেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকতা শামীমা ইয়ামিন ও শ্রীপুর থানার ওসি শাহ জামান ঘটনাস্থলে যান।

শ্রীপুর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাভারে নির্বাচনী কার্যালয়ে হামলা : ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও কুপিয়ে পাঁচজনকে আহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেটে হামলার ওই ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলো আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার জাহিদ ভূঁইয়া, রাসেল কমান্ডার ও জনি দেওয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত