ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘রাজধানীতে ২ হাজার ১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।’ গতকাল সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘কিছু কিছু গোষ্ঠী রয়েছে তারা নির্বাচনবিরোধী কার্যক্রম করছে, অপতৎপরতা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করছে। তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে। নির্বাচনের দিন ভোটারদের সার্বিক নিরাপত্তা দিতে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় সিঙ্গেল বা একাধিক কেন্দ্র রয়েছে। সেখানে পুলিশ ও আনসার থাকবে। পাশাপাশি টহল পুলিশ ও স্টাইকিং ফোর্স থাকবে। অর্ধেকের মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সেখানে ঝুঁকি বিবেচনা করে ফোর্স মোতায়েন করা হয়েছে। কিছু দূরবর্তী কেন্দ্রও ঢাকা শহরে রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যাওয়া লাগে। সেখানেও আমাদের নিরাপত্তাব্যবস্থা মজবুত।’
