জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে হারাতে দুই স্বতন্ত্র প্রার্থী একত্রিত হয়ে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন।
সোমবার (০১জানুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহিনুজ্জামান শাহিন হকের নির্বাচনী সমাবেশে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক জিয়া কেঁচি প্রতীকের সাথে হাত মিলিয়ে সমর্থন দিয়েছে।
সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামান আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র কাদের শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়েদুর রহমান বিপ্লব উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক জিয়া বলেন, 'আমি কেঁচি প্রতীকের প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে সমর্থন করছি, আমি ও আমার সমর্থনকারী সবাই এখন থেকে শাহিনুজ্জামান শাহিনের নির্বাচন করবো।
জামালপুর-২ আসনে এবার ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদুল হক খান দুলাল (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান (কাঁচি), মো.জিয়াউল হক (ঈগল প্রতীক), মো.শাহাজাহান আলী মণ্ডল (ট্রাক) ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. হোসেন রেজা (সোনালী আঁশ)।
স্থানীয় সূত্রে জানা যায়, চার প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও শাহাজাহান আলী মণ্ডল ও হোসেন রেজার তেমন কোনো প্রচারণা নেই। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের সঙ্গে পাল্লা দিয়ে এস এম শাহীনুজ্জামান ও মোস্তফা আল মাহমুদ সমানতালে সকাল থেকে রাত পর্যন্ত শহর থেকে গ্রামে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনে বিএনপি না থাকায় টানা তিনবারের সংসদ সদস্য ফরিদুল হক খান এবার সুবিধাজনক অবস্থানে থাকার কথা ছিল। হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ নেতা এস এম শাহীনুজ্জামান। দলীয় মনোনয়নের জন্য অনেক আগে থেকেই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা, সমাবেশ, উঠান বৈঠকসহ সমাবেশ করেছেন।
এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক জিয়া কেঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহিনুজ্জামানের সাথে হাত মিলিয়ে সমর্থন দিলেন।
