স্বতন্ত্র প্রার্থী সমর্থকের গাড়িতে হামলা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় এক সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে গাড়িতে থাকা তিনজন আহত হন।

সোমবার (০১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের সমর্থক ও ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন।

ঘটনার বর্ণনা দিয়ে আক্তর হোসেন বলেন, সোমবার রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নে জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান। জনসভা শেষে প্রার্থীকে গাড়িবহর দিয়ে চান্দুরা মহাসড়ক থেকে বিদায় দেওয়া হয়। পরে চান্দুরা এলাকার ডাকবাংলো এলাকায় আক্তার হোসেনসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ চালান। রাত পৌনে ৮টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা আক্তার হোসেনসহ তিন কর্মী আহত হন।

আক্তার হোসেন আরও বলেন, গাড়িটি আমার ছোট ভাই আজাদ হোসেনের ছিল। এই গাড়ি দিয়েই স্বতন্ত্র প্রার্থীর ফিরোজুর রহমানের গণসংযোগ চালায়। এই হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হবে।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান বলেন, সভা শেষে তিনি জেলা সদরের দিকে চলে আসেন। চান্দুরা এলাকায় জনসংযোগ চালাচ্ছিল তার সমর্থকরা। তখন কয়েকটি মোটরসাইকেল আসা দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে।

ঘটনার বিষয়ে বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। তদন্ত চলছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত