জাপানে অবতরণের সময় যাত্রীবাহী উড়োজাহাজে আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

ভূমিকম্পে বিপাকে পড়া জাপানে এবার ঘটলো আরেক বিপদ, দেশটির হানেদা বিমানবন্দরের একটি রানওয়েতে অবতরণের সময় যাত্রীবাহী উড়োজাহাজে লেগে গেল আগুন। ধারণা করা হচ্ছে দুই বিমানের সংঘর্ষে এই অগ্নিকাণ্ড হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। ওই সময় উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৪০০ জন ছিলেন, তবে তাদের কেউ হতাহত হননি বলে জানা গেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লেগে যাওয়ার আগে জরুরি নির্গমন ব্যবস্থায় উদ্ধার পেয়েছেন উড়োজাহাজযাত্রীরা।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা কোস্টগার্ডের একটি উড়োজাহাজের সাথে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই উড়োজাহাজটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পে। সোমবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর ইশিকাওয়া অঞ্চলে প্রায় ৪৫ হাজার ৭০০ পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে তোয়ামা এবং নিগাতাসহ আরও চারটি অঞ্চলে আহত হয়েছে অনেকে। আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে এক হাজার কর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত