আইটি ব্যবসায়ীর চুরি যাওয়া কোটি টাকা ফিরিয়ে দিল ডিএমপি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক আইটি ব্যবসায়ীর চুরি যাওয়া এক কোটি টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নিজ কার্যালয়ে ব্যবসায়ী অনুপ দত্তকে চুরি যাওয়া টাকা তুলে দেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ও গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান উপস্থিত ছিলেন।

মশিউর রহমান জানান, আইটি ব্যবসায়ী অনুপ দত্তের বাসা রামপুরা থানার পশ্চিম চৌধুরীপাড়া আবাসিক এলাকায়। গত ২০ ডিসেম্বর তার ব্যবসায়িক পার্টনার তাকে ব্যবসার নগদ এক কোটি টাকা দেন। 

তিনি টাকাগুলো বস্তায় করে তার প্রাইভেটকারে রেখে তার গাড়ি চালক লাবু বয়াতীকে দেখে রাখার জন্য বলে বাসায় যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন চালক গাড়িতে নেই এবং গাড়িতে রাখা টাকার বস্তাও নেই। পরে চালক লাবুকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তিনি পর দিন রামপুরা থানায় একটি মামলা রুজু করেন। 

তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি মামলার ছায়াতদন্ত শুরু করে ডিবি-লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে রাজধানীর ভাটারা থানার কুড়িল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভার লাবু বয়াতীকে গ্রেপ্তার করে ও এক কোটি টাকা উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত