নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নাকচ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি সরকারের বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গত সোমবার সর্বোচ্চ আদালত এই রায় দেয়। গাজা যুদ্ধ নিয়ে চাপের মধ্যে থাকা নেতানিয়াহুর সরকারের জন্য এই রায় বড় ধাক্কা। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ক্ষমতায় বসেন। পরে তার সরকার উচ্চতর আদালতের ক্ষমতা হ্রাস করতে পরিকল্পনা গ্রহণ করে যা দেশটিতে নজিরবিহীন বিক্ষোভের সূচনা করে। গাজা যুদ্ধের আগে বিষয়টি নিয়ে বেশ চাপেই ছিলেন নেতানিয়াহু। তবুও তিনি এগিয়ে যাচ্ছিলেন তার বিতর্কিত পরিকল্পনা নিয়ে।

রায়ে বলা হয়, বিচার বিভাগ সংস্কার প্রক্রিয়ার ‘নীতিগুলো মারাত্মক এবং নজিরবিহীনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বৈশিষ্ট্যগুলোর ক্ষতি করে।’

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি রায়ের সমালোচনা করে বলে, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অস্বস্তিকর এবং এটি ঐক্যের জন্য দাঁড়ানো মানুষের ইচ্ছার বিরুদ্ধে গেল, বিশেষত যুদ্ধকালে।’ তবে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ আদালতের সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত