‘নারী নেতৃত্ব হারাম’ বলে ঈগলে ভোট চাইলেন আ.লীগ নেতা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫২ এএম

‘নারী নেতৃত্ব হারাম’ বলে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. একরাম ইজারাদার। গত শনিবার বিকেলে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ঈগল প্রতীকের নির্বাচনী সভায় নৌকার প্রার্থী হাবিবুন নাহারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একরাম ইজারাদার এমন মন্তব্য করেন। সুন্দরবন ইউনিয়নের মুসল্লিপাড়ায় সেদিন দেওয়া তার সেই বক্তব্যের ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিওতে আওয়ামী লীগ নেতা একরাম ইজারাদারকে বলতে শোনা যায়, ‘আমরা গজবের ভেতর নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জনমনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই; তার কারণ, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে (আওয়ামী লীগের প্রার্থী) দুইবার দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করছি। তাই আমাদের এখানে কোনো সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কী? কিছুই বোঝেন না।’

মোংলা ও রামপাল নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে এবার সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের হাবিবুন নাহার ও দলের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ইদ্রিস আলী ইজারাদারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। তারা দুজন নির্বাচনী এলাকায় দিনরাত প্রচারণা চালাচ্ছেন। সভা, সমাবেশ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণ করছেন।

এদিকে বিতর্কিত ওই মন্তব্যের বিষয়ে একরাম ইজারাদার গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ বা নৌকা প্রতীককে উদ্দেশ্য করে আমি এসব কথা বলিনি। জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ না করা প্রসঙ্গে একটি উদাহরণ দিতে গিয়ে আমি এসব কথা বলেছি। উপমন্ত্রী হাবিবুন নাহার বিভিন্ন সময় তার বরাদ্দ থেকে আমাদের বঞ্চিত করেছেন। যার কারণে আমরা স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের (ঈগল প্রতীক) নির্বাচন করছি।’

বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস জানিয়েছেন তারা বক্তব্যটি শুনেছেন। বক্তব্যটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত