ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুক্রবার মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে এবার আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার এ তথ্য জানায় ইসরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি। খবর আল জাজিরা ও বিবিসি।
মঙ্গলবার তিনি বলেন, "ইসরায়েল দক্ষিণ আফ্রিকার দেয়া গনগত্যার অযৌক্তিক মানহানি দূর করতে হেগের আন্তর্জাতিক আদালতে হাজির হবে।"
দক্ষিণ আফ্রিকার নেতাদের উদ্দেশে তিনি বলেন, "ইতিহাস আপনাদের বিচার করবে এবং কোন দয়া করা ছাড়াই বিচার করবে।“
দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এবং ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলের নিন্দা করেছে।
এ সময় দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনকে সমর্থন জানানো মানে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকেও রাজনৈতিক ও আইনি সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন নেতানিয়াহুর এই মুখপাত্র।
এ ছাড়া চলমান যুদ্ধের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে দায়ী করেন এলন লেভি। তিনি বলেন, "হাসপাতাল, স্কুল, মসজিদ, বাড়ি এবং জাতিসংঘের আশ্রয়কেন্দ্র ভেতরে এবং নীচে থেকে হামলা চালাচ্ছে হামাস।"
গত শুক্রবার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
মামলার অভিযোগে বলা হয়, ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করেছে ইসরাইল। মামলার আবেদনে আরও বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সর্বোপরি মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোষ্টে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের মুখপাত্র ক্লেসন মনিয়েলা বলেছেন যে দেশটির সরকারি আইনজীবীরা ১১ এবং ১২ জানুয়ারী মামলার শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
