সালমান খানের ফ্ল্যাটে গায়ে হলুদ, আজ আমিরকন্যার বিয়ে  

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম

আজ বুধবার আইনি মতে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করতে চলেছেন আমির খানের মেয়ে ইরা। বিয়ে ঘিরে কয়েক দিন ধরে বধূর সাজে সেজে উঠেছে আমিরের বান্দ্রার বাসা। গতকাল মঙ্গলবার দুপুর থেকেই ইরার বিয়ের আচার–অনুষ্ঠান শুরু হয়ে গেছে।

দুপুরে গায়ে হলুদ আর রাতে মেহেদির অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের আসর বসেছিল বলিউড সুপারস্টার সালমান খানের বাসায় অর্থাৎ বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এদিন ইরার মা, অর্থাৎ আমির খানের প্রথম স্ত্রী রীনাকে মারাঠি ঐতিহ্যবাহী ‘নওয়ারি’ শাড়িতে দেখা গিয়েছিল। এমনকি আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমিরের সাবেক এই স্ত্রীর পরনেও ছিল ‘নওয়ারি’ শাড়ি। রীনা আর কিরণকে সাবেকি বেশে দেখে নেটজনতা বেশ উৎফুল্ল ছিলেন। মেয়ের বিয়েকে ঘিরে যে খান পরিবার দারুণ খুশি, তা আমির আর রীনার চোখেমুখে স্পষ্ট।

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরের বেশ কিছু ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সালমান নিজে মেহেদির অনুষ্ঠানের তদারকি করেছেন। জানা গেছে, ৮ জানুয়ারি ইরা আর নূপুর মারাঠি মতে সাত পাকে বাঁধা পড়বেন।

ইরার হবু বর নূপুর পেশায় ফিটনেস কোচ। বহু বলিউড তারকাকে তিনি ফিটনেসের ট্রেনিং দেন। শুধু তা-ই নয়, রাজ্যস্তরে টেনিস খেলেছেন নূপুর। ইরা শুরু থেকেই নূপুরের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে খোলামেলা।

জিমে শরীরচর্চার সময় ইরা আর নূপুরের বিভিন্ন অন্তরঙ্গ ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। এসব ছবিতে তাদের গভীর চুম্বন করতেও দেখা গিয়েছিল। গত বছর সেপ্টেম্বরে ইরা আর নূপুরের বাগ্‌দান অনুষ্ঠান ইতালিতে হয়েছিল। এর ঠিক দুই মাস পর তারা মুম্বাইতে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন। এই পার্টিতে আমিরের দুই স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত, অভিনেত্রী ফাতিমা সানা শেখ, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব হাজির ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত