যেখানে পরিস্থিতির অবনতি সেখানে যাবে সেনাবাহিনী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:১২ এএম

নির্বাচনের মাঠে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং বেসামরিক প্রশাসন যেখানে মনে করবে সেখানে সশস্ত্র বাহিনী মোকাবিলা করবে। গতকাল বুধবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধান ও সশস্ত্র বাহিনীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের আওতাধীন যারা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহ তাদের প্রধানদের সঙ্গে আজকে আমাদের বিশেষ মিটিং হয়েছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাহিনীগুলোর প্রধান ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।’

সশস্ত্র বাহিনীর কাজের ধরন সম্পর্কে জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যরা প্যাট্রল ডিউটি করবেন। তারপর বিজিবি ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্যাট্রল ডিউটি করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা বিভিন্ন নোডাল পয়েন্টে অবস্থান করবে। যখন স্থানীয় প্রশাসন অর্থাৎ বেসামরিক প্রশাসন যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আছেন, তাদের চাহিদা অনুযায়ী তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেই সব জায়গাগুলোতে কাজ করবেন। এ ছাড়া সমন্বিতভাবে তারা প্যাট্রল ডিউটি অব্যাহত রাখবে। জনগণের মধ্যে যেন ভীতি না থাকে, যে ভোটকেন্দ্রে গেলে তাদের কোনো বিপদ না হয় এই বিষয়টিতে তারা কাজ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত