বাম রাজনৈতিক দলগুলোর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুঃখজনক হলেও সত্য, বাম ভাইদের কোনো ভোট নেই। তিনি আরও বলেন, তারা ভোট বর্জন করুক আর না করুক; এতে ভোটে কোনো প্রভাব পড়বে না।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের আগ্রহ প্রমাণ করে নির্বাচন আন্তর্জাতিক মহল গ্রহণ করেছে। তিনি বলেন, বিএনপির নির্বাচনবিরোধী প্রচারণা; বিএনপির নির্বাচন প্রতিহত করার ঘোষণা কার্যত জনগণ প্রত্যাখ্যান করেছে। যে কারণে তারা এখন প্রতিহত করা থেকে সরে এসে নির্বাচন বর্জনের ডাক দিচ্ছে। অর্থাৎ বিএনপি পিছু হটেছে।
তিনি আরও বলেন, তারা এখন লবিস্ট নিয়োগ করে বিদেশে বিভিন্ন পত্র-পত্রিকায় নিবন্ধ লেখাচ্ছে। ডেভিড বার্গম্যানসহ কিছু ইহুদি এজেন্ট তারা নিয়োগ করেছে। সেই ইহুদি এজেন্ট বিভিন্ন পত্রপত্রিকায় লেখাচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট করানোর চেষ্টা চালাচ্ছে। এতে কোনো লাভ হয়নি। কারণ বেগম খালেদা জিয়া নিজের নামে নিবন্ধ লিখেছিলেন দেশের বিরুদ্ধে। এটি নতুন কোনো কিছু নয়। বিএনপি সবই পারে। কংগ্রেসম্যানদের সই জাল করে বিবৃতি দিয়েছিল। বাইডেনের (মার্কিন প্রেসিডেন্ট) ভুয়া উপদেষ্টা দেশে নিয়ে এসেছিল, সে এখন জেলখানায় আছে। আবার অমিত শাহর (ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে ফোনে কথা হয়েছে বলে ভুয়া প্রচারও করেছিল।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি আসলে শুধুমাত্র জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি দল নয়, তারা একটি জালিয়াত দলে রূপান্তরিত হয়েছে। সুতরাং তাদের নির্বাচনবিরোধী প্রচারণা এবং তাদের নেতাদের বক্তব্যের জনগণের মধ্যে কোনো আবেদন নাই।
