বিএনপি ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে: সালমান এফ রহমান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১ আসনের নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তারা এখন ভয়ে ঘরে ঢুকেছে। দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না। তাদের মিথ্যা গুজবে মানুষ আর কান দেয় না।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিদেশিদের সঙ্গে আমার কথা হয়েছে, তাঁরা বলেছে দেশে একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আমি তাদের কথা দিয়েছি- দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। এর জন্য যা যা করা দরকার সে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে মানুষ ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাব।

সালমান এফ রহমান বলেন, আগামী ৭ জানুয়ারি পরিবার-আত্মীয়-স্বজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। বেশী বেশী ভোটার উপস্থিতি করতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।

কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সায়েন এফ রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সহসভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত