নৌকার কর্মীকে কোপাল হুইপ সামশুলের সমর্থকরা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১০ পিএম

চট্টগ্রামের পটিয়ায় এসএম ফকরুল আলম সজীব (৪০) নামের নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়েছে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর সমর্থকরা। ভুক্তভোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। 

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নৌকার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে পটিয়া গৈড়লার টেক এলাকায় হামলার শিকার হন তিনি। জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলে জানান আহত সজীব। রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব প্রার্থীর পক্ষে প্রচারণা শেষ করে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। বাড়ি যাওয়া পথে ধারালো অস্ত্র দিয়ে সজীবকে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে প্রতিপক্ষরা। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরন চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজসহ নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত