ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে কার্গোর সঙ্গে যাত্রীবাহী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সংঘর্ষে রবিউল নামের এক যাত্রী আহত হয়েছেন এবং রীনা নামের অন্য এক যাত্রী নিখোঁজ রয়েছেন। উভয় যাত্রীর বাড়িই বরিশাল। পরে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে অন্য লঞ্চের মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার রাত ১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা অতিক্রমকালে একটি কার্গো ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চকে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তলা ফেটে পানি ঢোকে। কার্গোটিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, এ ঘটনায় লঞ্চে থাকা পাঁচ শতাধিক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। এ দুর্ঘটনায় রবিউল নামের এক যাত্রীর পা ভেঙে গেছে। চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়। অন্যদিকে লঞ্চ থেকে নামতে গিয়ে নিখোঁজ যাত্রী রীনা বেগমকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হচ্ছে।
