চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে চাঁদপুর-৫ আসনটি গঠিত। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে এখানে আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই আসনটিতে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর-উত্তম)। তবে এবারই নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে লড়তে হচ্ছে তাকে। বর্তমান সংসদ সদস্যকে হারাতে আওয়ামী লীগের দুজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। তারা হলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন (ঈগল প্রতীক) এবং আওয়ামী লীগ নেতা ও ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সাবেক সভাপতি সফিকুল আলম ফিরোজ (ট্রাক প্রতীক)। আওয়ামী লীগের স্থানীয় নেতীকর্মীরা তিন প্রার্থীর জন্য তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচনের মাঠে আছেন।
এই আসনটিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, জাসদের মো. মনির হোসেন মজুমদার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোটের মাঠে তেমন সাড়া ফেলতে পারেননি। তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগই ভোটের মাঠ গরম রেখেছে।
বর্তমান সংসদ সদস্যের পক্ষে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র আ স ম মাহবুব আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, সাবেক জেলা পরিষদের সদস্য জসিম, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জে এম আনোয়ার, শাহরাস্তি পৌর মেয়র আব্দুল লতিফ, শাহরাস্তি পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর যুবলীগ ও ছাত্রলীগের একাংশ রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের পক্ষে আছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ারুল হক হেলাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মহন।
স্বতন্ত্র প্রার্থী সফিকুল আলম ফিরোজের পক্ষে নির্বাচনের মাঠে আছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু মিজি, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি জুয়েল ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম মিন্টু।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী বলেন, ‘আমি নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি, আওয়ামী লীগের বিপক্ষে নয়। স্বতন্ত্র প্রার্থী ফিরোজ ভাই আওয়ামী লীগের দুর্দিনের কর্মী।’
