ভোট দিয়ে ফেরদৌস বললেন ‘বিজয় সুনিশ্চিত’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৮ এএম

ভোট দিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভোটগ্রহণ শুরু হলে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে ফেরদৌস বলেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত।’

তিনি বলেন, ‘আজকে এক অসাধারণ সকাল। কারণ, এই মুহূর্তে যে অবিস্মরণীয় ঘটনাটি ঘটে গেল তা আমার জন্য স্বপ্নাতীত, অকল্পনীয়। আমি আজকে বিস্মিত হয়েছি কারণ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। ঢাকা-১০ আসনে আমি মনোনয়ন পেয়েছি নৌকা প্রতীকে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। বাট অনেকেই হয়তো এটা জানতেন না প্রধানমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন।’

ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন ৮টা বাজার ৫ মিনিট আগে। কারণ, তিনি কথা দিয়েছিলেন, বুথ ওপেন হলে প্রথম ভোটটা আমি দেব। তার সঙ্গে এসেছেন তার সুযোগ্য উত্তরসূরি আমাদের পুতুল খালা। দুজন এসে আমাকে ফোন দিয়ে গেলেন। মানে আমি অলরেডি দুটো ভোট পেয়ে গেলাম।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ  সকাল ৮টায় থেকে শুরু হয়। একই কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেন্দ্রে গিয়ে অন্যান্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত