‘এবারই যারা প্রথম ভোট দিচ্ছেন, সেই নতুন ভোটাররা ভোট উৎসবে শামিল হবেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে,’ এই আশা প্রকাশ করেছেন ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার কেরানীগঞ্জের দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১১ টায় নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌকার এই প্রার্থী।
এসময় তিনি বলেন, ‘সারাদেশের মতো কেরানীগঞ্জেও আজ ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে। আমি সকাল থেকেই আমার আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। লাইনে দাঁড়িয়ে সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমি নিজেও এখন আমার ভোট দিলাম। নির্বাচনটা যে উৎসব আর অগ্নি সন্ত্রাসীদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে ভোটারদের এই উপস্থিতি তা-ই প্রমাণ করছে।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের আসতে দেখা গেছে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতকে উপেক্ষা করে তারা সকাল সকাল ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন, ভোটাধিকার নিয়ে তারা সচেতন বলেই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন, নারীরাও আসছেন দলবেঁধে। বেলা বাড়লে ভোটারও বাড়বে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
