চৌধুরী নিক্সন

“এভাবে ভোট চলতে থাকলে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করবো’

  • নির্বাচনী পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আচরণ নিরপেক্ষ বলে জানান তিনি
  • ভোটাররা এভাবে ভোট দিতে থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে জানান নিক্সন
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

রোববার সকালে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সকালে এসে ভোটারদের উপস্থিতি যেমন দেখলাম, এভাবে তারা ভোট দিতে থাকলে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করবো।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে। ভোটাররা এভাবে ভোট দিতে থাকলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এই আসনে নিক্সন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, মো. আনোয়ার হোসেন (জাতীয় পার্টি), মাকসুদ আহমেদ (তরিকত ফেডারেশন), মো. আলমগীর কবির (সুপ্রিম পার্টি), নাজমুন নাহার (বাংলাদেশ কংগ্রেস) ও প্রিন্স চৌধুরী (সোনালী আঁশ)।

উল্লেখ, নিক্সন বর্তমানে এই আসনের সংসদ সদস্য। গত দুই নির্বাচনে (২০১৪ ও ২০১৮) তিনি আনারস ও সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই দুইবার নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়ে নির্বাচিত হন তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত