দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাটে দুই লাঠিতে ভর করে এসে ভোট দিয়েছেন সবুজ মহন্ত (২৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবক। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২ আসনের রাজারহাট উপজেলার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ কিলোমিটার দূর থেকে লাঠিতে ভর করে এসে ভোট দেন তিনি।
এ বিষয়ে সবুজ মোহন্ত বলেন, আমার জীবনে আমি এবার নিয়ে দুইবার ভোট দিলাম। তবে সংসদ নির্বাচনে এটা আমার প্রথম ভোট। আমার মা আমাকে ভোট দিতে নিয়ে আসছেন।
সবুজ মোহন্তের বাড়ি রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে। তিনি ওই গ্রামের সুরেন্দ্র চন্দ্র মোহন্তের ছেলে। পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৩শ ৮৭ জন। দুপুর দুইটা পর্যন্ত ওই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৫৮টি।
