ভোট দিয়ে আইনমন্ত্রী

বিএনপির ডাকা হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ এএম

দেশের মানুষ বিএনপির হরতাল প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘মানুষ গাড়িতে, রিকশায়, বেবিট্যাক্সিতে করে ভোট দিতে আসছে। হরতাল মানে এগুলো বন্ধ থাকার কথা। তার মানে মানুষ হরতাল মানে না।’

গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোট প্রয়োগ করা আনন্দের বিষয়। আমি অত্যন্ত আনন্দিত। আমি আরও আনন্দিত, সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে মানুষ ভোট দিচ্ছে। জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই আজকে প্রমাণিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণ সন্ত্রাস প্রত্যাখ্যান করেছে। আজকের যে ভোট সেই ভোট হচ্ছে গণতন্ত্রকে রক্ষার ভোট। ইনশা আল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্রকে রক্ষা করব।’

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বিএনপিতে যারা গণতন্ত্রমনা আছে, তারা নির্বাচনে না এসে অবশ্যই ভুল করেছে। কারণ তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতার পরীক্ষা দেয়নি।’

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ আসনে ছোট কয়েকটি দলের প্রার্থী থাকলেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত