রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ এএম

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় দাউদপুর ইউনিয়নের আসুলিপাড়া গ্রামে মরহুম এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধার ছেলে বিপ্লব হাসানের স্ত্রী ঋতু আক্তার এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমার শ্বশুর ফরহাদ মিলিটারি ভাতা প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার অবর্তমানে আমার শাশুড়ি এখন ভাতা পাচ্ছেন।’

হামলার শিকার এ নারী বলেন, রূপগঞ্জের ভোটে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার দেবর মেহেদী হাসান সজিব কেটলি প্রতীকে অংশ নেওয়া শাহজাহান ভূঁইয়ার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়িতে গোলাম দস্তগীর গাজীর এক থেকে দেড়শ সন্ত্রাসী রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘরের থাই, আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, বাথরুমের ট্যাবসহ পুরো বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। এ সময় আমার বয়বৃদ্ধা শাশুড়ি দেলোয়ারা বেগম আমার এক নবজাতক সন্তানসহ দুই সন্তানকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করছিল। সে অবস্থায় হামলাকারীরা লাঠি দিয়ে তার দুই হাতে আঘাত করে জখম করে দেয়। এ সময় আমার চার মাসের নবজাতক মেয়ে শিশু আমার শাশুড়ির হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। তিনি আরও বলেন, এ সময় আমার শরীর থেকে জোর করে গয়না কেড়ে নিয়ে গেছে। আক্রমণকারীরা আমার ঘরের গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র নিয়ে গেছে। হঠাৎ করে এক থেকে দেড়শ সশস্ত্র মানুষের আক্রমণের ঘটনা যেন আমাদের ওপর এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে।

হামলার শিকার এই নারী জানান, দাউদপুর ইউনিয়নের আসুলিপাড়ার নুরুন্নেসা স্কুলে তার দেবর মেহেদী হাসান সজীব কেটলি প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগে একাধিকবার নির্বাচন পরবর্তী সময়ে এমন হামলার আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তবুও নির্বাচনে হার-জিত থাকে, এ বিষয়টি মাথায় রেখে আমার দেবর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। আমরা এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত