প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম

সফলভাবে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হ‌ওয়া ও আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত এই সময় চীনা নেতাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে  উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন। 

এ বিষয়ে ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও অভিনন্দন জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, চীনা নেতারা দীর্ঘ দিনের লালিত সম্পর্ক  আর‌ও এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক বোঝাপড়া এবং গভীর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীনের কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে। 

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে চীন এবং বাংলাদেশ উভয়‌ই এক সংকটময় অবস্থায় রয়েছে।  উন্নয়ন আধুনিকায়নে চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার এবং নির্ভরযোগ্য বন্ধু হিসাবে পাশে ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চীন ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধার মডেল স্থাপন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে চীনের বিরোধিতার বিষয় উল্লেখ করা হয়। 

এতে বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে। চীন বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বহিরাগত বিরোধিতা করে। ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন বাংলাদেশকে সহায়তা করার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত