চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নির্বাচন বাতিল করে সেখানে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন। নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে ৭৩টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানে চট্টগ্রাম-১ আসনে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয় নৌকার প্রার্থী মাহবুব উর রহমান। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন।
সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর বিরূদ্ধে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্ট বের করে দেয়াসহ ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ করেন গিয়াস উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে আমার ২৭ এজেন্টকে মারধর করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়। ৭৩টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে।
গিয়াস উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৮টার মধ্যেই তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তাই নির্বাচন নিয়ে বেশিদূর যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি ভোট বর্জন করতাম। কিন্তু আমি আমার ভোটারদের কথা চিন্তা করে নির্বাচনের শেষ অবধি ছিলাম। আমি প্রশাসনের উদাসিনতা দেখে খুবই হতাশ।'
স্বতন্ত্র প্রার্থী ও এই আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী এই ধরনের নির্বাচন চাননি। চর দখলের মতো ভোট দখল করে এমপি নির্বাচিত হয়ে জনগণের জন্য কিছুই করতে পারবেন না।
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট নিয়াজ মোরশেদ এলিট, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, নির্বাচনী উপদেষ্টা নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
