দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর (লাবু চৌধুরী)। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়াকে ১ হাজার ৯৮১ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। শাহাদাব আকবর প্রয়াত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে।
তুমুল প্রতিযোগিতামূলক এই আসনে নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর পান ৮৬ হাজার ৯৫ ভোট। অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে মোহাম্মদ জামাল হোসেন মিয়া পান ৮৪ হাজার ১১৪ ভোট।
লাবু চৌধুরীর জয়ের বিষয়ে নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া বলেন, সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দীর্ঘ পরিশ্রম আর সাধারণ মানুষের ভালোবাসার পাশাপাশি অল্প কিছু সংখ্যক নেতাকর্মীদের সহযোগিতায় এ বিজয়। এ বিজয় সত্যের বিজয়। গত দেড় বছর লাবু চৌধুরী যে উন্নয়ন করেছে তার ফল হচ্ছে এটা। সাবেক সংসদ উপনেতা দীর্ঘ ৪০ বছর সালথা-নগরকান্দা মানুষের পাশে থেকেছেন এবং রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রসা, হাট-বাজার, ব্রিজ-কার্লভাট এমন কোনো জায়গা নেই যেখানে সাজেদা চৌধুরীর হাতের ছোঁয়া নেই।
তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের নেতা লাবু চৌধুরীর হাত ধরে নগরকান্দা-সালথা উপজেলায় যে উন্নয়ন হবে তার সাথী হয়ে থাকবো আমরা।
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৭৩ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন।