জামালপুর-২ (ইসলামপুর) আসনে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী চৌধুরীকে দুই বছরের জেল দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
রবিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে মোহাম্মদ আতাউল্লাহ এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম। গত শনিবার (৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আটক করা হয় সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী চৌধুরী।
জানা গেছে, শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করেন স্থানীয়রা। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, সকালে দণ্ডিত ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল রাতে এক সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে ওই সহকারি প্রিজাইডিং অফিসারকে দুই বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।
