এবার হিজবুল্লাহর কমান্ডারকে হত্যা করল ইসরায়েল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:১৮ এএম

হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালেহ আরোরিকে হত্যার পর এবার লেবাননভিত্তিক শিয়া মতাবলম্বী যোদ্ধাদল হিজবুল্লাহর এক শীর্ষ কামন্ডারকে হত্যা করল ইসরায়েল। গতকাল সোমবার মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যখন গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছিলেন, ঠিক তখন ইসরায়েল এই হামলা চালাল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের এই বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতার নাম উইশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর অতর্কিতভাবে ইসরায়েলে হামলা চালানোর কিছু দিন পর দক্ষিণ লেবাননসংলগ্ন ইসরায়েল সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। পূর্ণ মাত্রার যুদ্ধ না হলেও থেমে থেমে চলছে সংঘাত। উইশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক লেবাননের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা গতকাল জানান, লেবাননের দক্ষিণাঞ্চলে জাওয়াদের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি হিজবুল্লাহর শীর্ষস্থানীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

গাজা যুদ্ধ শুরুর পর প্রায় প্রতিদিনই লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। তিন মাস ধরে সীমান্তবর্তী এলাকার সংঘর্ষে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হন। আর ইসরায়েলের নয় সেনা এবং চার বেসামরিক নিহত হয়।

গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরোরি নিহত  হন। তখন হিজবুল্লাহ এর প্রতিশোধ নেওয়ার কথা বলে। ওই সময় থেকে যুদ্ধটি আঞ্চলিক স্তরে আরও বড় আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। এবার হিজবুল্লাহর নেতাকে হত্যার মধ্য দিয়ে সেই শঙ্কা আরও জোরালো হতে যাচ্ছে।

মৃত্যু ছাড়াল ২৩ হাজার

গাজার নিয়ন্ত্রক হামাস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫১০ জন। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ২৩ হাজার ৮৪ জন ফিলিস্তিনি। এদিকে ডব্লিউএইচও জানায়, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী ও স্বাস্থ্যকর্মীর কোনো খোঁজ নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত