ভোট কারচুপি আমাকে ক্ষতিগ্রস্ত করেছে : ইনু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:২০ এএম

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪ দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘কুষ্টিয়া-২ আসনে যেভাবে নির্বাচন হলো সেখানে আমি মনে করি পরিকল্পিতভাবে ভোট কারচুপি হয়েছে। এখানে প্রশাসনের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং পরাজিত হয়েছি। এলাকায় সবাই জানেন কালো টাকার ছড়াছড়ি, মাস্তানি পেশিশক্তির প্রভাব থাকলেও প্রশাসনের নীরবতার কারণেই আমি পরাজিত হয়েছি। আমার নির্বাচনী এলাকায় আমি আবারও বলব প্রশাসনের পরিকল্পিত নিষ্ক্রিয়তা পরাজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। কেন প্রশাসনের এই উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা, সেটা পরে ভেবে দেখব আমি’।

গতকাল সোমবার দুপুর ১২টায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ইনু এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘কেবল নির্বাচন শেষ হলো, এই মুহূর্তে রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা ভাবিনি। দল বসবে, তারপর পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা আমরা  গ্রহণ করব। তবে ১৪ দলীয় জোটের যে নির্বাচনী বিজয় এবং তার ভিত্তিতে জোট নেত্রী শেখ হাসিনা নতুনভাবে সরকার গঠন করবেন, সেটা রাজনৈতিক ধারাবাহিকতার জন্য একটা গুরুত্বপূর্ণ সাফল্য। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি।’

এদিকে এ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা  কামারুল আরেফিন বলেন, ‘৭৫-র পর এ পর্যন্ত আমার মিরপুর থেকে কোনো আওয়ামী লীগ নেতা এমপি হতে পারেনি, আমিই একমাত্র ব্যক্তি যে প্রথম আওয়ামী লীগের ঝান্ডা নিয়ে এমপি হতে পেরেছি।’ কামারুল আরেফিন আরও বলেন, ‘আমার উপজেলাবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। এলাকার উন্নয়নে জনগণের দেওয়া ভালোবাসা আমি মাথায় তুলে নিয়ে বেড়াতে চাই। জনগণের সঙ্গে থেকে আমি কাজ করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত