আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বতন্ত্র যারা নির্বাচিত হয়েছেন, তারা তাদের অবস্থান কীভাবে রাখবেন— তা ঠিক হওয়ার পরই বিরোধী দল কারা হবে সেটি দেখা যাবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথের পর স্বতন্ত্র সদস্যদের অবস্থান কী হবে, সেটি তারা জানাবেন বলে মনে করেন আইনমন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন তারা (স্বতন্ত্র) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখন কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হননি। তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতীকও ছিল ভিন্ন। নৌকা প্রতীকে যারা নির্বাচিত হয়েছেন, শুধু তারাই আওয়ামী লীগের প্রার্থী।
আনিসুল হক বলেন, তারা আওয়ামী লীগের এটা মুখের কথা হতে পারে, কিন্তু আইনের কথা, বাস্তবতার কথা তা নয়। তারা যদি মনে করেন স্বতন্ত্র থাকবেন, তখন দেখা হবে কতজন স্বতন্ত্র থাকলেন। যদি দেখা যায়, তারা একটি মোর্চা করবেন, তখন বিরোধী দল কারা হবে সেটি পরিষ্কার হবে।
গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে ২২২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে দুজন জয়ী হয়েছেন। তারা আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করেন।
দল হিসেবে আওয়ামী লীগের পর এবার সবচেয়ে বেশি আসন পেয়েছে সংসদের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি মাত্র ১১টি আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
