ক্রীড়াবিদদের বয়স চুরির ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার গ্যাবনের এক ফুটবলারের বিরুদ্ধে এমন এক অভিযোগের তদন্ত শুরু করেছে আফ্রিকার ফুটবল ফেডারেশন যা রীতিমতো বিস্ময়কর।
গুইলর কাঙ্গার নামের গ্যাবনের এক ফুটবলারের পাসপোর্টে জন্ম সাল ১৯৯০ দেওয়া। তবে জানা গেছে কাঙ্গার মা এর মৃত্যু হয়েছে ১৯৮৫ সালে। অর্থাৎ মায়ের মৃত্যুর পাঁচ বছর পর জন্মেছেন কাঙ্গা!
এমন অসম্ভব বিষয়টিই নজরে পড়েছে আফ্রিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকা ফুটবলের (সিএএফ)। সিএএফ এরই মধ্যে অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে জালিয়াতির তদন্ত শুরু করেছে।
কাঙ্গার জন্ম অবশ্য কঙ্গোতে। কঙ্গো ফুটবল ফেডারেশনের ভাষ্যমতে, তাদের দেশে জন্ম নেওয়া গুয়েলার কাঙ্গা পরে গ্যাবনে চলে আসেন। বর্তমানে রেড স্টার বেলগ্রেড এবং গ্যাবন জাতীয় দলের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন।
মূলত পরিচয় জালিয়াতি করে গুয়েলার কাঙ্গার বিরুদ্ধে গ্যাবনিজ টিমে খেলার অভিযোগ দায়ের করে কঙ্গো ফুটবল ফেডারেশন। যার প্রেক্ষিতে তদন্তে নেমেছে সিএএফ।
জালিয়াতির এই ঘটনায় শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলে বড়সড় ঝামেলায় পড়তে পারেন গুয়েলার কাঙ্গা। কঙ্গো থেকে গ্যাবনে যাওয়ার সময় তার ক্রীড়া জাতীয়তা পরিবর্তন সংক্রান্ত ফিফার নিয়ম ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন।
