কুমিল্লায় রসমালাই খেতে যাচ্ছিল তিন বন্ধু, পথে একজনের মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম

ঢাকা থেকে মোটরসাইকেলে করে কুমিল্লায় রসমালাই খেতে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর দুজন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মজিবুর রহমান নাদিম (২৪)। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার শফিকুল ইসলামের ছেলে। অপর দুজন হলেন সাব্বির হোসেন (২২) ও রবিন (২০)।

প্রত্যক্ষদর্শী ও আহত সাব্বির হোসেন বলেন, আমরা তিন বন্ধু ঢাকা পাসপোর্ট অফিসে কাজ শেষ করে কুমিল্লায় গিয়ে রসমালাই খাওয়ার পরিকল্পনা করি। নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। আমরা দুজন পেছনে বসা ছিলাম। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ফিদা সিএনজি পাম্পের সামনে এলে পেছন থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নাদিম। স্থানীয়রা আমাকে ও রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত