আমরা আর মামুরা মিলে নির্বাচন করেছে আ.লীগ : রিজভী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:১৫ এএম

৭ জানুয়ারির নির্বাচন বর্জন করায় ধন্যবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। আমরা আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সকাল ১০টার মধ্যেই ইসি সচিব বলেন, ‘কারা এমপি হবেন তা ঠিক করা আছে।’

রিজভী বলেন, ‘নির্বাচনের ফল আগে ঠিক থাকলেও তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।’

এ সময় নির্বাচন বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান রিজভী। পাশাপাশি ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

গত সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ঘোষিত কর্মসূচির সমর্থনে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় তাঁতী দল ও ওলামা দলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নিএবারও যাবে না। আমরা বৃথা যেতে দেব না। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। এই সরকার টিকে থাকতে পারবে না।’

সকালে রাজধানীর গ্রিন রোড ও পান্থপথ এলাকায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় লিফলেট বিতরণ করেছেন। এ সময় দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ দিন দেশের জনগণ ও বিশ্ববাসী বাংলাদেশে আরও একটি ভোটারবিহীন একতরফার ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছে।’

নতুন কর্মসূচি নির্ধারণে ১২-দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক : নির্বাচন-পরবতী কর্মসূচি নির্ধারণে গতকাল বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৈঠকে জোটের শরিক দলগুলোর মতামত নেন বিএনপি নেতারা। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত