দ্বিতীয় স্তরের লিগের দলের কাছে চেলসির হার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম

ইংলিশ লিগে দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর স্কোয়াডের দাম ৬ কোটি পাউন্ডের বেশি নয়। আর ইংলিশ ফুটবলের বড় দল চেলসির স্কোয়াডের দাম প্রায় ১০০ কোটি পাউন্ড। অথচ এই মিডলসবরোই কি না গতকাল রাতে ১-০ গোলে হারিয়ে দিল চেলসিকে!

লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে গতকাল রাতে মিডলসবরোর মাঠে নেমেছিল চেলসি। রিভারসাইড পার্কে অনুষ্ঠিত এ ম্যাচে ৩৭ মিনিটে হেইডেন হ্যাকনির গোল করেন স্বাগতিকদের হয়ে। শুধু হ্যাকনি নয় কৃতিত্ব দিতে হবে মিডলসবরো গোলকিপার টম গ্লোভারকেও। চেলসির বেশ কিছু আক্রমণ রুখে দেন এই অস্ট্রেলিয়ান। 

চেলসির হয়ে প্রথমার্ধে গোলের দারুণ দুটি সুযোগ নষ্ট করেন কোল পালমার। ২০০৪ সালে এই টুর্নামেন্ট জেতা মিডলসবরো বিরতির পর প্রতি আক্রমণ থেকে গোলের সুযোগ পেয়েছে। তবে ম্যাচের দুই অর্ধ মিলিয়ে মোট ১৮ বার গোলের সুযোগ নষ্ট করা চেলসি এ ম্যাচের হারের জন্য শুধু নিজেদেরই দুষতে পারে।

হারের পর চেলসি কোচ মরিসিও পচেত্তিনো নিজেদের ভুল স্বীকার করে বলেছেন, ‘আমরা প্রথমার্ধে কিছু ভুল করেছি, গোলের সুযোগ করে দিয়েছি। তারা আক্রমণাত্মক হয়ে ওঠার পর এবং খুব গভীর থেকে ব্লকিং করায় রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। তবে এখনো হাতে ৯০ মিনিট আছে।’ 

২৩ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগ।

ইংলিশ প্রিমিয়ার লিগেও ভালো করতে পারছে না চেলসি। ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১০ম পচেত্তিনোর দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত